নতুন কমিশন গঠনের পর চুপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা: দুদক

ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
টুইট ডেস্ক: নতুন কমিশন গঠনের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
বুধবার (১২ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে বর্তমানে দুদকে কোনো কমিশন না থাকায় অভিযোগটির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কার্যক্রম নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
দুদক সচিব বলেন, এ ধরনের অভিযোগ কমিশনের মাধ্যমেই গ্রহণ ও পর্যালোচনা করা হয়। বর্তমানে কমিশন না থাকলেও শিগগির নতুন কমিশন গঠিত হবে বলে তাঁরা আশা করছেন। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সোমবার (১০ আগস্ট) ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়।
ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে ওই অভিযোগ দাখিল করেন।
অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ও এস আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। নতুন কমিশন গঠনের পর অভিযোগটি পর্যালোচনা ও অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।






