ডেভেলপারদের জন্য মেটার নতুন এআই এজেন্ট মিউজ কোড

বড় সফটওয়্যার প্রকল্পে কোড লেখা পরিকল্পনা ও যাচাই করবে নতুন এআই টুল

টুইট ডেস্ক: সফটওয়্যার ডেভেলপারদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই এজেন্ট মিউজ কোড উন্মুক্ত করেছে মেটা। বড় সফটওয়্যার প্রকল্পে কোড লেখা পরিবর্তনের পরিকল্পনা করা এবং ফলাফল যাচাইয়ের মতো জটিল কাজ সহজ করতে তৈরি করা টুলটি প্রাথমিকভাবে বেটা সংস্করণে প্রকাশ করা হয়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন বড় কোডভান্ডারে সফটওয়্যার উন্নয়নের পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে মিউজ কোড তৈরি করা হয়েছে। এটি প্রয়োজন অনুযায়ী কোডে পরিবর্তনের পরিকল্পনা করতে নতুন কোড লিখতে এবং পরিবর্তন সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কি না তা যাচাই করতে সক্ষম।

মিউজ কোডের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে মেটার উন্মুক্ত **মিউজ স্পার্ক** এআই মডেল। বড় প্রকল্পে একই সময়ে একাধিক এআই এজেন্ট সমান্তরালভাবে কাজ করতে পারে। ফলে প্রকল্পের বিভিন্ন অংশে একসঙ্গে পরিবর্তন আনার সময় সংঘর্ষ বা দ্বন্দ্বের ঝুঁকি কমে যায়।

জাকারবার্গ জানান ব্যবহারকারীর মূল কোডে সরাসরি পরিবর্তন আনার পরিবর্তে আলাদা একটি নিরাপদ পরিবেশে কাজ করে মিউজ কোড। পরীক্ষামূলক ব্যবহারে টুলটি একই সঙ্গে একটি গেমের ছয়টি নতুন ফিচার তৈরি করতে সক্ষম হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী মাত্র একটি কমান্ড ব্যবহার করেই মিউজ কোড ইনস্টল করা যায়। বড় সফটওয়্যার প্রকল্পে কাজ করা ডেভেলপারদের সময় সাশ্রয় এবং জটিল উন্নয়ন প্রক্রিয়া সহজ করাই এ টুলের মূল লক্ষ্য।

সফটওয়্যার উন্নয়ন খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে মিউজ কোড উন্মুক্ত করেছে মেটা। বর্তমানে এআই কোডিং টুলের বাজারে এটি ওপেনএআইয়ের কোডেক্স এবং অ্যানথ্রপিকের ক্লড কোড–এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন বিভিন্ন ধরনের সফটওয়্যার উন্নয়ন কাজে মিউজ কোড কার্যকর বিকল্প হতে পারে। পাশাপাশি এটি খরচের দিক থেকেও প্রতিযোগিতামূলকভাবে তৈরি করা হয়েছে।

এর আগে জুন মাসে গ্রাহকসেবা ও সহায়তার জন্য এআই এজেন্ট চালুর পর এবার সফটওয়্যার ডেভেলপারদের জন্য নতুন এই এআই টুল উন্মুক্ত করল মেটা।