রাজশাহীর দুর্গাপুরে বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৩

অভিযান চালিয়ে চুরি হওয়া টেলিভিশনসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় একটি বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া এলইডি টেলিভিশন, ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রোববার রাত আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ও এসআই মেহেদী হাসান সম্পদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃত মেহের মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), কাঁঠালবাড়ীয়া গ্রামের মো. হোসেনের ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম (২২) এবং একই এলাকার মৃত আক্কাসের ছেলে জসিম (৪০)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি এলইডি টেলিভিশন (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা), একটি ব্যাটারি (আনুমানিক মূল্য ১০ হাজার টাকা), বিছানার চাদর ও একটি তোয়ালে (মোট মূল্য প্রায় ১ হাজার ৯০০ টাকা) উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন মাস্টারের ছেলে রিমন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২০, তারিখ ২৬ জুলাই ২০২৬; ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, তদন্তকারী কর্মকর্তাদের নেতৃত্বে দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






