তারাগঞ্জে গুজব প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্রুত তথ্যপ্রবাহের এই সময়ে দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার সমাজে বিভ্রান্তি তৈরি করছে। অনেক ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে, যা সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তারা আরও বলেন, কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। গুজব প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ নিশ্চিত করতে হবে। এতে করে গুজব ও অপপ্রচারের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।