চাপের মুখে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের সময়সূচি ঘোষণা

লেবার দলে নেতৃত্ব পরিবর্তনের জল্পনায় এগিয়ে অ্যান্ডি বার্নহামের নাম

টুইট ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সময় সোমবার পদত্যাগের সময়সূচি ঘোষণা করতে পারেন এমন জোরালো আলোচনা চলছে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ব্রিটিশ রাজনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দলীয় ভেতরে বাড়তে থাকা চাপ, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার মধ্যে স্টারমার নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করছেন।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে লেবার রাজনীতির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহামের নাম। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, নেতৃত্ব পরিবর্তন হলে তিনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আসতে পারেন। তবে দলীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

খবরে বলা হয়েছে, স্টারমার সপ্তাহান্তে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য ঘোষণার বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় এমন সম্ভাবনাও রয়েছে যে, তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়বেন না; বরং একটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেতৃত্ব হস্তান্তরের পথ তৈরি করতে পারেন।

অন্যদিকে লেবারের ভেতরে সম্ভাব্য নেতৃত্ব প্রতিযোগিতা নিয়েও আলোচনা রয়েছে। কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিসভার সদস্যের নামও আলোচনায় এসেছে। ফলে নেতৃত্ব পরিবর্তন হলে সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে নাকি আনুষ্ঠানিক প্রতিযোগিতার মাধ্যমে হবে—সেটিও এখনো স্পষ্ট নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্টারমারের সিদ্ধান্ত শুধু যুক্তরাজ্যের সরকার নয়, লেবার দলের ভবিষ্যৎ কৌশল ও রাজনৈতিক ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

এদিকে ডাউনিং স্ট্রিট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করেনি।