সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
টুইট প্রতিবেদক: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সেলিমা আহমাদ মেরীর ব্যক্তিগত সহকারী সালেমীন সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ জুন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানাজার সময় ও দাফনসংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
রাজনীতি, ব্যবসা এবং নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেলিমা আহমাদ মেরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদের কাছে পরাজিত হন।
১৯৬০ সালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ মেরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ব্যবসা ও শিক্ষা—উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে নারী উদ্যোক্তা বিকাশে দীর্ঘদিন কাজ করেছেন। ব্যবসা ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এছাড়া আন্তর্জাতিক নারী জোটের বৈশ্বিক দূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কর্মসূচির সাবেক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী আব্দুল মাতলুব আহমাদ নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।
সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার কর্মময় জীবন ও নারী ক্ষমতায়নে অবদানের কথা স্মরণ করছে।






