যুবকদের কর্মমুখী করার আহ্বানে তারাগঞ্জে যুবদিবস পালিত

দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করার আহ্বান।
টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুবদিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে যুব সমাবেশ, র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও হলরুমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় যুব সমাবেশের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে যুবকদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুন নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
সভাপতির বক্তব্যে মো. মাহমুদুন নবী বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। এই শক্তিকে কাজে লাগাতে তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণে যুবকদের সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






