বাগমারায় জাতীয় যুব দিবসে মেলা ও বৃক্ষ বিতরণ

দক্ষ যুবসমাজ গড়তে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে গুরুত্বারোপ
বাগমারা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব মেলা, আলোচনা সভা, বৃক্ষ বিতরণ, মাদকবিরোধী অভিযান, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।
দিবসটি উপলক্ষে আয়োজিত যুব মেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে পোশাক তৈরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন প্রদর্শনীকেন্দ্র থেকে বৃক্ষ বিতরণ করা হয়।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে দক্ষতা অর্জন, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি তরুণদের নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলী এবং তথ্যসেবা কর্মকর্তা আঁখি খাতুন।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।






