নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা-অধিকার নিয়ে বান্দরবানে কর্মশালা

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা-অধিকার নিয়ে কর্মশালা। মাঠে সাফল্য, তবু সুযোগ-সুবিধার সংকট; বৈষম্য দূর করার আহ্বান।
বান্দরবান প্রতিনিধি: জেলার নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান সার্কিট হাউসে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (১৪ জুন) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম এবং অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্র নেলী।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, নৌকা বাইচ, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলায় বান্দরবানের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। তবে এখনো তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত সহায়তার ঘাটতি রয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, মানসম্মত প্রশিক্ষণ ও আবাসন ব্যবস্থা, ক্রীড়া বীমা চালু, নারী-বান্ধব স্টেডিয়াম নির্মাণ, বিশেষ আর্থিক সহায়তা এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।
পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা সমাজের সকল অংশীজনের দায়িত্ব।
পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারীরা যেন নির্বিঘ্নে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার।
কর্মশালার সমাপনী পর্বে নারী ক্রীড়াবান্ধব, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে নারী ক্রীড়াবিদদের নিয়মিত অনুশীলনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রবীণ নারী ক্রীড়াবিদ হ্লা হ্লা চিংকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
মাঠে সাফল্য থাকলেও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের মতে, এই বৈষম্য দূর করা গেলে বান্দরবানের নারী ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।








