প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা

প্রত্যাশার চেয়েও সফল হবে সফর, জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব জোরদারের উদ্যোগ সরকারের
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর এ সফর প্রত্যাশার চেয়েও বেশি সফল হবে বলে সরকার আশাবাদী।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূতদের তলব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।
এর আগে সংলাপে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জলবায়ু পরিবর্তন শাখা’ খোলা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভিন্ন অবস্থান ও বক্তব্য তুলে ধরতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের সংকট ও ঝুঁকি যথাযথভাবে বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা কঠিন হবে।






