দুর্ঘটনায় আহত বৃদ্ধের জীবনরক্ষায় যুবদলের মানবিক উদ্যোগ

আহত বৃদ্ধের পাশে যুবদল। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি।

টুইট ডেস্ক: রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন যুবদলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার বাসিন্দা মোশাররফ (৬০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রায়পাড়া মোড় এলাকায় রাস্তায় পড়ে ছিলেন। আহত অবস্থায় তিনি সাহায্যের জন্য আহাজারি করছিলেন।

এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ রবিন হোসেন এবং আরাফাত রহমান কিরা পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনের। তারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক সহায়তা দেন এবং চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব খালিদ খান।

যুবদল নেতাকর্মীরা জানান, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ড ও আটটি সাংগঠনিক থানায় অসহায়, দুর্ঘটনাকবলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ রবিন হোসেনকে।