চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত অন্তত ২৫ যাত্রী।
টুইট প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখী এভারগ্রীণ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং কক্সবাজারগামী এ ছালাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় এ ছালাম পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসটির চালক ও এক শিশুযাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন এ ছালাম পরিবহনের চালক মোহাম্মদ আলী (২৭) এবং শিশুযাত্রী ইয়াহিয়া। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায় এবং সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেয়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সড়ক দুর্ঘটনার এই ঘটনা আবারও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকি জোরদার না হলে এমন প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করা কঠিন হবে।






