ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি টিপু সম্পাদক মেহেদী

১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, পেশাগত মানোন্নয়নের অঙ্গীকার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাধারণ সভার মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন এবং দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার। সহসাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।

সভায় নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী শিগগিরই ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।