পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

টুইট ডেস্ক: ভারত থেকে সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ, মাদকপাচার ও চোরাচালান ঠেকাতে জামালপুরসহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৮ জুন) সকাল থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল শুরু করা হয়। একই সঙ্গে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে বাহিনীর সদস্যদের। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও সীমান্ত নিরাপত্তায় বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “আমাদের ব্যাটালিয়নের আওতায় মোট ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ২৬ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। পুরো সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সীমান্ত এলাকায় উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে বাড়তি সতর্কতা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।