নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে বান্দরবান গড়ি

আতঙ্ক নয় সচেতনতা-ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বান্দরবান প্রতিনিধি: নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে বান্দরবান গড়ি-এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‘আতঙ্ক নয়, সচেতনতা; ডেঙ্গু নয়, সুস্থতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, স্কাউট সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সচেতনতামূলক বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। এর মধ্যে ছিল—
“ভুগলে জ্বরে, ডাক্তার দেখাও জলদি করে”,
“ক্যান কিংবা পানির পাত্র, ফেলব না আর যত্রতত্র”,
“ডাবের খোসায় জমা পানি, বিপজ্জনক সবাই জানি”,
এবং “ঘুমাব আমরা যখনই, মশারি টানাব তখনই”।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, “একটু সচেতন হলেই আমরা ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করতে পারি। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, এস এম হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “আমরা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হব না, বরং সচেতনতার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলব। সামান্য সতর্কতা আমাদের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি থেকে রক্ষা করতে পারে।”

তিনি জানান, জেলার অন্যান্য উপজেলার তুলনায় রোয়াংছড়িতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। তাই শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বস্তরের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া বান্দরবান স্কাউট দলের সদস্যরা শোভাযাত্রায় অংশ নিয়ে বাদ্যযন্ত্রের তালে সচেতনতামূলক পরিবেশ তৈরি করেন।