রাজশাহীতে বিশেষ চেকপোস্টে ৪৪০ যানবাহন তল্লাশি, মামলা ৫৭

সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২ থানার সমন্বিত অভিযান, আটক ৩২ যান।
রাজশাহী প্রতিনিধি: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন ধরনের ৪৪০টি যানবাহন চেকিং করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে ৩২টি যানবাহন আটক করা হয়।
পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আরএমপির পক্ষ থেকে নগরবাসী ও যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বার্তা একটাই—আইন মেনে চলুন, নিরাপদে চলুন। সড়ক নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করুন।







