হাউস-বোটের ইঞ্জিনে পড়ে প্রাণ গেল শিশুর

ঙ্গুয়ার হাওরে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে পরিবার যায় ডঠ ও স্বজনরা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউস-বোটে মর্মান্তিক দুর্ঘটনায় নিঝুম নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিঝুম জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘ভ্রমণ শৈলী’ নামে একটি হাউস-বোটে করে পরিবারের সদস্যদের সঙ্গে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল শিশুটি। হাওরে গোসল শেষে হাউস-বোটটি ফেরার পথে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এ সময় সে বোটের ইঞ্জিনের ওপর পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় হাউস-বোটে থাকা পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
পর্যটনসমৃদ্ধ টাঙ্গুয়ার হাওরে প্রতিবছর হাজারো দর্শনার্থী ভ্রমণে আসেন। এ ঘটনায় হাউস-বোটে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






