৪ জুলাই বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী সমিতির নির্বাচন, শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি.–এর বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ জুন) থেকে শুরু হয়েছে প্রার্থী মনোনয়নপত্র বিতরণ।
প্রথম দিনেই সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সমিতির সাবেক কোষাধ্যক্ষ আব্দুর শুক্কুর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ ও ৪ জুন নির্ধারিত সময়ে আগ্রহী সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। পরে যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
সমিতিতে বর্তমানে ৬৮ জন ভোটার সদস্য রয়েছেন। তাদের প্রত্যক্ষ ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে সমিতির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। কয়েকজন সদস্য জানান, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সময় আব্দুর শুক্কুর স্বচ্ছতা বজায় রেখেছিলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তিনি সবার জন্য সমানভাবে কাজ করবেন বলেও প্রত্যাশা তাদের।
এদিকে, বান্দরবান জেলা সমবায় কার্যালয়–এর পরিদর্শক মো. কামাল উদ্দীন জানিয়েছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, সদস্য সংখ্যা কম হলেও এই নির্বাচন মাছ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






