বিএনপির নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন: আখতার হোসেন

গণভোটের রায় অস্বীকার করায় বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই

টুইট ডেস্ক: বিএনপির অনেক নেতাকর্মী বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, গণভোট ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থানে হতাশ হয়ে জুলাই আন্দোলনের চেতনায় বিশ্বাসী নেতাকর্মীরা এনসিপির দিকে ঝুঁকছেন।

সোমবার (১ জুন) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে যোগ দেন।

আখতার হোসেন বলেন, “আজ বিএনপি থেকে অনেকেই এনসিপিতে যোগদান করছেন। আমরা তাদের স্বাগত জানাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা আমাদের সঙ্গে রাজপথে ছিলেন, একই আন্দোলনে অংশ নিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠনের পর গণভোটের রায়কে অস্বীকার করেছে। রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল, সেটিকে তারা উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ায় সাধারণ নেতাকর্মীরা এখন আর বিএনপিকে জনগণের দল হিসেবে দেখছেন না।”

এনসিপির এই নেতা দাবি করেন, গণভোট ও সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় অনেকেই এখন এনসিপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, “যারা জনগণের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং জুলাইয়ের চেতনার পক্ষে-তারা এনসিপিকেই নিজেদের রাজনৈতিক ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন।”

অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার ৪৩ জন রাজনৈতিক কর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগ দেন।

পরে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানান আখতার হোসেন ও স্থানীয় এনসিপি নেতারা।