আদালতে সোহেলের দাবি: ‘আমি ও আমার স্ত্রী নির্দোষ’

রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি শুরু, বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিক অগ্রগতি
টুইট ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে নিজেকে ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন। সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠন শুনানিতে তিনি এ দাবি জানান।
ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন–এর আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। অভিযোগ গঠন সম্পন্ন হলে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মামলার বিশেষ সরকারি কৌঁসুলি আজিজুর রহমান দুলু। অন্যদিকে অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে শুনানি করেন।
এর আগে গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট আদালত সূত্র বলছে, মামলাটির বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।






