জামিন নিয়ে বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: আইনমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে আইনমন্ত্রীর বক্তব্যে বিচারব্যবস্থা, মামলাজট ও রাজনৈতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক।
টুইট প্রতিবেদক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেই বিভিন্ন মামলায় অভিযুক্তরা জামিন পাচ্ছেন। বিচার প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও তিনি দাবি করেন।
মঙ্গলবার সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়,এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, “এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকেরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন বলেই গ্রেপ্তারের পরদিনই এনসিপি নেতারা জামিন পেয়েছেন।”
তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হলেও বিচারক ও আইনজীবীর সংকটের কারণে মামলাজট তৈরি হচ্ছে। এতে বিচার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে।
মন্ত্রী জানান, বিচারক ও আইনজীবীর সংখ্যা কম থাকায় নিয়মিত বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ট্রায়ালে অংশগ্রহণের সক্ষম আইনজীবীর অভাবও মামলাজট বাড়াচ্ছে।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে পুলিশের দায়িত্বশীলতায় কোনো ঘাটতি ছিল না এবং বিচারকরা স্বতন্ত্রভাবে কাজ করেছেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন। এ সময় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






