গৌরনদীতে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

পরিত্যক্ত স্থানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা, এলাকায় আতঙ্ক।
টুইট প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১ নভেম্বর) দুপুরে পৌরসভার সুন্দরদী এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে সুন্দরদী এলাকায় টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থানে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, গৌরনদী থানা পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখেন। পরে দুপুর সোয়া ২টার দিকে এসআরবি খুলনা-৬-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় বস্তুগুলো উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






