বিদ্রোহের অগ্নিশিখা নজরুল, আজ জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী

দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে দেশজুড়ে আয়োজন, ঘোষণা ‘নজরুল বর্ষ

টুইট ডেস্ক: বাংলা সাহিত্য, সংগীত ও চেতনার আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই কবির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এবার জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’*। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বিদ্রোহের এই কালজয়ী কণ্ঠকে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এই বিশেষ বর্ষ পালিত হবে। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

নিজের বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে এক অবিচল কণ্ঠস্বর। তার সাহিত্য ও সৃষ্টিশীলতা শুধু একটি সময়ের নয়, বরং যুগে যুগে আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে।

১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। জীবনের শুরু থেকেই সংগ্রাম ছিল তার নিত্যসঙ্গী। শৈশবে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন থেকে শুরু করে সেনাবাহিনীর চাকরি— নানা অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছিল ভিন্ন এক সত্তায়।

১৯২২ সালে তার লেখা বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর বাংলা সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে কারাবরণও করতে হয়। তার ঐতিহাসিক জবানবন্দি বাংলা সাহিত্যে ‘রাজবন্দির জবানবন্দি’ হিসেবে বিশেষ মর্যাদা পায়।

প্রায় তিন হাজার গান রচনা ও সুরারোপ করে বাংলা সংগীতে এক অনন্য ধারা সৃষ্টি করেন তিনি, যা আজও ‘নজরুলসংগীত’ নামে সমাদৃত।

জীবনের শেষদিকে বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারালেও তার সৃষ্টি থেমে যায়নি মানুষের হৃদয়ে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ–এর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার যে দীপ্ত ভাষা নজরুল রেখে গেছেন, সময় যত এগোচ্ছে তার প্রাসঙ্গিকতা যেন ততই নতুন করে ফিরে আসছে।