কারাগারে এনসিপির দুই নেতা

ঝিনাইদহে আদালতের নির্দেশে জেল হাজতে তারেক রেজা ও অয়ন রহমান খান।
টুইট প্রতিবেদক: ঝিনাইদহে আটক হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট দুই নেতাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে পুলিশি হেফাজত থেকে তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো দুই নেতা হলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা এবং যুবশক্তির নেতা অয়ন রহমান খান।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে নিরাপত্তাজনিত কারণে তারেক রেজাকে পুলিশ হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়ায় তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, একই সময়ে যশোর থেকে আটক যুবশক্তির নেতা অয়ন রহমান খানকেও আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ‘গুম’ করা হয়েছে,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি নাকচ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারের সময় থেকেই অয়নের পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ ছিল এবং আইনানুগ প্রক্রিয়ায় ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে হাজির করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল আলম।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অয়ন রহমান খানকে ‘নিখোঁজ’ দাবি করে যে প্রচারণা চলছিল, পুলিশের বক্তব্য তার বিপরীত অবস্থান তুলে ধরেছে। তবে গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিরোধী ঘরানার নেতাকর্মীদের গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।






