৩০ মণের ‘আদর’ ঘিরে পটিয়ায় কোরবানির বাজারে চাঞ্চল্য

১০ লাখ টাকার বিশালাকৃতির গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা
টুইট ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে ৩০ মণ ওজনের বিশালাকৃতির গরু ‘আদর’।
স্থানীয় ‘একে সাফা এগ্রো’ খামারে লালন-পালন করা গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
পটিয়ার শান্তিরহাট জিরি মাদ্রাসা রোড এলাকায় গড়ে ওঠা খামারটিতে দেশি ও বিদেশি বিভিন্ন জাতের শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে।
তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে শান্ত স্বভাবের বিশালাকৃতির ‘আদর’।
খামার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কয়েকজন ক্রেতা ৯ লাখ টাকারও বেশি দাম প্রস্তাব দিয়েছেন। কিন্তু খামার কর্তৃপক্ষ ১০ লাখ টাকার নিচে গরুটি বিক্রি করতে রাজি নন। প্রয়োজন হলে আগামী বছর পর্যন্তও গরুটিকে লালন-পালন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।
একে সাফা এগ্রোর উদ্যোক্তা পরিচালক আবদুল কাদের বলেন, গরুটি অত্যন্ত শান্ত ও মায়াবী স্বভাবের হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘আদর’। প্রায় এক বছর ধরে প্রাকৃতিক খাদ্য ও বিশেষ পরিচর্যার মাধ্যমে গরুটিকে প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, দীর্ঘ ১১ বছর ধরে তারা খামার পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রতিবছর কোরবানির ঈদকে ঘিরে উন্নতজাতের গরু প্রস্তুত করেন।
খামার ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে মানুষ শুধু বড় গরুটি একনজর দেখতে ভিড় করছেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসে ছবি তুলছেন, আবার কেউ কেউ দাম ও ওজন শুনে বিস্ময় প্রকাশ করছেন।
কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকৃতির গরু নিয়ে প্রতিযোগিতা বাড়লেও, পটিয়ার ‘আদর’ ইতোমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খামার কর্তৃপক্ষের আশা, এবারের ঈদে তাদের ফার্মের গরুর চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় আরও বৃদ্ধি পাবে।






