মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

টুইট ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুসারে সৈকত হালদারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সুপারিশসহ ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরকে। কমিটির অন্য সদস্যরা হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন মো. আলমগীর কবির। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মো. মাহতাব-উজ-জাহিদ।

দাপ্তরিক আদেশে বলা হয়েছে, অভিযোগটি দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাসংক্রান্ত বিধান অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও তদন্ত করা হবে।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্ধারিত হবে। তবে অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।