সৌদি আরবের পাশে বাংলাদেশ, প্রকাশ পূর্ণ সংহতি

সৌদির বেসামরিক অবকাঠামোয় হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ প্রাণহানির ঘটনায় উদ্বেগ; রোহিঙ্গা প্রত্যাবাসনেও সমর্থন সৌদি আরবের।

টুইট প্রতিবেদক: সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় সাম্প্রতিক হুথি হামলার ঘটনায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সৌদি আরবের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন।

সাক্ষাতে বাগদাদে অনুষ্ঠেয় ওআইসির ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠক নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত জাভেদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক অবকাঠামোয় হামলার ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। এ পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পূর্ণ সংহতি রয়েছে।

বাংলাদেশের এই সমর্থনের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হুথিদের হামলার মুখে সৌদি আরবের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদির সমর্থ

সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুও গুরুত্ব পায়। এ বিষয়ে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায় নির্ধারণের বিষয়ে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে ঐতিহাসিক নজির স্থাপন করতে পারে।

বাণিজ্য ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ

ওআইসির বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও একমত হন প্রতিনিধিরা। বাণিজ্য ও অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদির সমর্থন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও কার্যকর করার সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি ওআইসির মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।