১৯ দিনেই ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

প্রবাসী আয়ের জোয়ারে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে স্বস্তি, বাড়ছে অর্থনীতির গতি।
টুইট প্রতিবেদক: চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৩ কোটি ৭ লাখ ডলার। দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় এটি নতুন আশাবাদের বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা বৃদ্ধি, অনানুষ্ঠানিক হুন্ডি নিরুৎসাহিতকরণ এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থান বাড়ার প্রভাবেই রেমিট্যান্স প্রবাহে এই উল্লম্ফন দেখা যাচ্ছে। একই সঙ্গে ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী আয়।
এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স। নভেম্বরে এ প্রবাহ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মোকাবিলা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বড় সহায়ক হয়ে উঠছে।






