এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আনতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার (১ নভেম্বর) পাঠানো চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সই করেছেন বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা, কল্যাণ এবং সামগ্রিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার

মান ও পেশাগত দক্ষতা বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।

তাঁদের ২০২৬ সালের নবম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা।

সব মিলিয়ে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই এ অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন।

তবে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা এখনো জানা যায়নি।