কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টুইট প্রতিবেদক: কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরকালে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন। দুবাই ও লন্ডন হয়ে রোববার (১ নভেম্বর) সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের এই বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশ নেবেন হুমায়ুন কবির। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমনওয়েলথ বৈঠকে যোগদানের সময়ের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এ সময় তিনি একজন মন্ত্রীর সমান মর্যাদা ও রাষ্ট্রীয় প্রটোকল সুবিধা ভোগ করবেন।

এই সফরে কমনওয়েলথের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন তিনি।