বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

নতুন আলু ১৬০ ও দেশি টমেটো ২২০ টাকা কেজি; মাছ-মুরগিতেও বাড়তি খরচ
টুইট ডেস্ক : রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের নতুন সবজি। তবে মৌসুমের আগাম সবজির দেখা মিললেও চড়া দামে স্বস্তি নেই ক্রেতাদের। নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বেশির ভাগ সবজির দামও কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবজির পাশাপাশি মাছ ও মুরগির বাজারেও তুলনামূলক বেশি দামে পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের।
বাজারে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, ঝিঙা ১০০, লাউ ৬০ থেকে ৮০, পটোল ৬০, লম্বা বেগুন ১০০ এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁকরোল ১০০, কচুমুখী ৮০, মুলা ৭০, ঢ্যাঁড়স ৮০, গাজর ১৪০, শিম ১০০ এবং সাধারণ টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি টমেটোর দাম আরও বেশি। প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকা চাওয়া হচ্ছে। নতুন আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। তুলনামূলক কম দামে পেঁপে ৩০, মিষ্টিকুমড়া ৪০ ও জলপাই ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১৪০ টাকা।
সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। সিদ্দিকুর রহমান নামের এক ক্রেতা বলেন, টেলিভিশনে দেখা যায়, কোথাও পাঁচ টাকা দিয়েও লাউ বিক্রি হচ্ছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে লাউ পাওয়া যাচ্ছে না। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
সবজি ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ক্ষেত্রে প্রতি ডজন বাদামি রঙের ডিম ১৪০ ও সাদা ডিম ১৩০ টাকা।
মাছের বাজারেও দামের বড় পার্থক্য রয়েছে। প্রতি কেজি পাঙাশ ২৩০, তেলাপিয়া ২৬০, রুই ৩৫০, পাবদা ৪০০, চাষের শিং ৪৫০ এবং বায়লা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় কাতল ৬০০ থেকে ৮০০, ট্যাংরা ৭০০, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি শিং মাছের দাম কেজিপ্রতি ১ হাজার টাকা। বড় চিংড়ি ১ হাজার ৪০০ এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দামও ক্রেতাদের নাগালের বাইরে। ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ২০০ এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী মোজাম্মেল বলেন, সাগরের মাছের দাম সাধারণত বেশি থাকে। দেশি মাছের দামও চড়া। অন্যদিকে, ক্রেতা আজাদ রহমানের মতে, মোহাম্মদপুরের অন্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম কিছুটা বেশি হলেও এখানে তুলনামূলক তরতাজা মাছ পাওয়া যায়।






