১৬ ডিসেম্বরেই চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

শাহজালাল বিমানবন্দরে জোর প্রস্তুতি, যাত্রীরা পাবেন বিস্তৃত বিনামূল্যের ইন্টারনেট সুবিধা।

টুইট প্রতিবেদক: রাজধানীর আকাশপথ যোগাযোগে নতুন অধ্যায়ের দ্বার খুলতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর।

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর ঘোষণা দিয়েছে সরকার। নির্ধারিত সময়সীমা সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বহুপাক্ষিক সমন্বয় ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

জাতীয় বিজয় দিবসকে সামনে রেখেই উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মানে বড় ধরনের পরিবর্তন আসবে।

আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও ডিজিটাল ব্যবস্থাপনা যুক্ত হওয়ায় বিমানবন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় বিস্তৃত করা হয়েছে ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।

এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং গাড়ি পার্কিং এলাকা। ফলে যাত্রীরা বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীজট কমবে, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় গতি বাড়বে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক এভিয়েশন হাবে পরিণত হওয়ার পথে আরও একধাপ এগোবে বাংলাদেশ।