সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

সোনারহাট সীমান্তে উত্তেজনা; নজরদারি বাড়িয়ে সতর্ক অবস্থানে বিজিবি

টুইট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে আকস্মিক এ ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছুড়লে বিজিবি দ্রুত ও কড়া প্রতিক্রিয়া জানায়। পেশাদার ও তাৎক্ষণিক পদক্ষেপের অংশ হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।

বিজিবির দাবি, তাদের দৃঢ় অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।

ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তবে ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বাহিনীটি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অনুমোদনবিহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।

সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।