রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, ৫৫ মামলা

সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৫৫ মামলা, আটক ৫৫ যান; ৭২০ যানবাহনে তল্লাশি।

রাজশাহী প্রতিনিধি: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) অভিযানে বিভিন্ন ধরনের ৭২০টি যানবাহন চেকিং করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ৫৫টি যানবাহন আটক করা হয়।

আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আইন মেনে চলুন, নিরাপদে চলুন।