আপিলেও বহাল আইভীর জামিন

সব মামলায় জামিন থাকায় কারামুক্তিতে নেই আর আইনি বাধা।
টুইট প্রতিবেদক: হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী–এর জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে।
ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে ‘নো অর্ডার’ দেন।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল থাকল।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান বলেন, সব মামলায় জামিন বহালের প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর কার্যক্রম চলছে।
আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সাবেক মেয়র আইভী। ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর সর্বশেষ এই আদেশে তার মুক্তির পথ পুরোপুরি উন্মুক্ত হলো।






