শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির লক্ষ্য বাংলাদেশ

১০ বছরের রূপরেখা; আসছে ডিজিটাল পরিচয়পত্র ও ওয়ালেট, জোর দেওয়া হচ্ছে ৫জি অবকাঠামোতে
টুইট ডেস্ক: আগামী এক দশকের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের ডিজিটাল রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন।
রেহান আসিফ আসাদ বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার মতে, এই পথ চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে তা অর্জন সম্ভব।
তিনি জানান, দেশের ৫জি সেবা বিস্তারের জন্য আগামী পাঁচ বছরের মধ্যে শক্তিশালী ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে করহার কমানোর বিষয়েও সরকার কাজ করছে।
ডিজিটাল সেবার সম্প্রসারণে নতুন পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল পরিচয়পত্র এবং ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল পরিচয় ও আর্থিক সেবাকে এক প্ল্যাটফর্মে আনা গেলে নাগরিক সেবা, লেনদেন ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির গতি আরও বাড়তে পারে।
তবে বিশ্লেষকদের মতে, ডিজিটাল অর্থনীতিতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে অবকাঠামোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হবে।






