মানুষ না মেরেই ইরান চুক্তি করেছিলাম; ওবামার মন্তব্য ঘিরে আলোচনা

২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট; বললেন, ক্ষেপণাস্ত্র ছোড়া ছাড়াই সরানো হয়েছিল ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

টুইট ডেস্ক: ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি বাস্তবায়নে কোনো যুদ্ধ বা প্রাণহানির প্রয়োজন হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ওই চুক্তির মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। পাশাপাশি তৎকালীন মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা তথ্যও এই উদ্যোগের কার্যকারিতার পক্ষে ছিল।

ওবামার ভাষায়, *“আমরা একটি ক্ষেপণাস্ত্রও ছুড়িনি। আমরা তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।

তিনি আরও বলেন, এই চুক্তি কার্যকর হয়েছিল কি না, তা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। কারণ এটি বাস্তব ফলাফল দিয়েছে এবং এজন্য যুদ্ধ, প্রাণহানি কিংবা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি।

২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছিল। সাম্প্রতিক ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যেই ওবামার এ মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।