৮০ হাজার টাকার বালিশে ঘুম হবে কি না, সেটাই চিন্তা: তারেক রহমান

রূপপুরের আলোচিত ‘বালিশ কাণ্ড’ নিয়ে প্রকাশ্যে মন্তব্য প্রধানমন্ত্রীর
টুইট ডেস্ক: তারেক রহমান আলোচিত ‘বালিশ কাণ্ড’ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “একটি প্রকল্পে ৮০ হাজার টাকা করে বালিশ কেনা হয়েছে। ৮০ হাজার টাকার বালিশে ঘুম হবে কি না, সেটাই তো চিন্তার বিষয়।”
সোমবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ১৭ বছরের স্বৈরাচারী আমলের দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি যখন বিদেশে থাকতে বাধ্য হয়েছি, তখন আপনারা দেশে ছিলেন। তখন দেখেছেন দেশের মানুষের সম্পদ কীভাবে তসরুপ করা হয়েছে। পরে বিভিন্ন সময়ে আমরা সেসব তথ্য জানতে পেরেছি।”
আলোচিত এই ‘বালিশ কাণ্ড’ মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প–এর একটি ব্যয় সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনায় আসে। সে সময় প্রকল্পে অস্বাভাবিক দামে বালিশ কেনার তথ্য প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
সম্প্রতি অডিট রিপোর্ট উপস্থাপনের সময়ও বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এবার শিক্ষার্থীদের সামনে সরাসরি উদাহরণ টেনে দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরলেন তিনি।






