১১ দিনে রেমিট্যান্স ১৪৪ কোটি ডলার

আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি উল্লেখযোগ্য, দৈনিক গড় ১৩ কোটি ডলারের বেশি
টুইট প্রতিবেদক: চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য জানান।
তার ভাষ্য অনুযায়ী, এ সময়ে দৈনিক গড়ে প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রা প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণে তদারকি বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থান বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, আমদানি ব্যয় মোকাবিলা এবং টাকার বিনিময় হার নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।






