পুঁথিগত শিক্ষার বাইরে উদ্ভাবনে জোর: প্রধানমন্ত্রী

সময়োপযোগী শিক্ষাক্রম ছাড়া টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী
টুইট ডেস্ক: তারেক রহমান বলেছেন, বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সময়োপযোগী শিক্ষা কারিকুলাম বা পাঠ্যক্রমের বিকল্প নেই। শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল দক্ষতা বিকাশে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তরবিষয়ক কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে দ্রুত পরিবর্তিত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার যুগে পুরোনো ধ্যানধারণার শিক্ষা ব্যবস্থা দিয়ে এগিয়ে থাকা সম্ভব নয়। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নতুন ধারণা সৃষ্টি করতে পারে এবং বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, সরকার মেধা পাচার নয়, বরং মেধা লালনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকশিত করার পূর্ণ সুযোগ পাবেন।
উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নতুন শিক্ষানীতি ও বাস্তবমুখী পাঠ্যক্রমের ওপর জোর দিচ্ছে।






