ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে বসছে ৩৬০০ পশুর হাট

রাজধানীতে ২৭টি অস্থায়ী হাট, প্রস্তুতি শেষের পথে
টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবার সারাদেশে কোরবানির পশুর হাট বসছে প্রায় ৩ হাজার ৬০০টি। এর মধ্যে রাজধানী ঢাকতে বসছে মোট ২৭টি অস্থায়ী হাট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাটের ইজারা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হাটগুলোতে বাঁশ, শামিয়ানা, মাইক, ছাউনি, হাসিল ঘর, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতিও চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত মজুত থাকায় কোনো সংকটের আশঙ্কা নেই। ব্যবসায়ীরা বলছেন, আগামী সপ্তাহ থেকে বিভিন্ন অঞ্চল থেকে পশু রাজধানীসহ বড় হাটগুলোতে আসা শুরু করবে।
হাট ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছেন, এবার সড়ক বা অননুমোদিত স্থানে কোনো হাট বসতে দেওয়া হবে না এবং নিয়মের বাইরে কোনো ইজারা দেওয়া হয়নি। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখের বেশি, যেখানে সম্ভাব্য চাহিদা প্রায় ১ কোটি ১ লাখের মতো। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই হাটগুলোতে জমজমাট বেচাকেনা শুরু হবে এবং ঈদের আগ পর্যন্ত তা চলবে।






