উচ্চ সুদে ব্যবসা কঠিন: গভর্নর

ঋণের সুদ ১২ থেকে ১৪ শতাংশ; উদ্যোক্তাদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ।

টুইট প্রতিবেদক: উচ্চ সুদহারে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে সফল হওয়া উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, উদ্যোক্তাদের ওপর উচ্চ সুদের চাপ কিছুটা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এ ধরনের উচ্চ ব্যয়ে ব্যবসা পরিচালনা করা উদ্যোক্তাদের জন্য কঠিন। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ নামে একটি কর্মসূচির পরিকল্পনার কথাও জানান গভর্নর। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচিটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা।

কৃষকদের ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন গভর্নর। তিনি জানান, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় প্রকৃত ও প্রান্তিক কৃষকদের অধিকসংখ্যক সুবিধা দিতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করার জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, উৎপাদন থেকে শুরু করে কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি,পুরো কৃষিপণ্য মূল্যশৃঙ্খলকে কার্যকর করতে এই কর্মসূচি ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় ব্যবসায়ী, বণিক সংগঠনের নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যাংকাররা অংশ নেন। এতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।