মিকেল নাকি কোলম্যান, কার হাতে উঠছে বাংলাদেশের ফুটবলের হাল?

১৫ মের মধ্যেই নতুন কোচ ঘোষণা করতে চায় বাফুফে।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ  ফুটবল দলের নতুন প্রধান কোচ কে হচ্ছেন,এই প্রশ্ন এখন দেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলের অলিম্পিকজয়ী কোচ রোজারিও মিকেল এবং ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান।

বাফুফের একাধিক সূত্র বলছে, শেষ মুহূর্তে এই দুই বিদেশি কোচের মধ্য থেকেই একজনের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দ্রুত কোচ নিয়োগে এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত এপ্রিলে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ের পর শূন্য হওয়া পদে দেশি,বিদেশি মিলিয়ে প্রায় ৩০০ আবেদন জমা পড়ে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে জাতীয় দল কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোজারিও মিকেল বাংলাদেশ দলের দায়িত্ব নিতে মাসিক প্রায় ৩০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক চেয়েছেন। তবে দরকষাকষির সুযোগও রেখেছেন তিনি। ব্রাজিলের বয়সভিত্তিক দলে কাজ করার অভিজ্ঞতা এবং অলিম্পিক সাফল্য তাকে এগিয়ে রেখেছে বলে মনে করছেন অনেকেই।

অন্যদিকে, তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করতে আগ্রহী ক্রিস কোলম্যান। ওয়েলসকে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তোলার অভিজ্ঞ এই কোচ মাসিক প্রায় ২৬ হাজার ডলার দাবি করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণে ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ কোলম্যানকেই বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোচ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে পাঁচ থেকে ছয়জন কোচের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আগামী ১০ মের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে ১৫ মের মধ্যেই নতুন কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

তাবিথ আউয়াল বলেন, “যোগ্য কোচ নিয়োগ দিতে প্রয়োজন হলে বাজেটের বাইরেও যেতে প্রস্তুত বাফুফে। স্পন্সর, সরকার কিংবা আন্তর্জাতিক সহায়তার মাধ্যমেও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।”

বাংলাদেশ দলের নতুন প্রজন্মের ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোমদের ঘিরে নতুন স্বপ্ন দেখছে দেশের ফুটবল।

তাই এবার এমন একজন কোচকেই বেছে নিতে চাইছে বাফুফে, যিনি শুধু কৌশলগত দিক থেকেই নয়, আন্তর্জাতিক মানসিকতাও এনে দিতে পারবেন জাতীয় দলে।