মেসির ছেলের গায়ে কোমোর জার্সি, রহস্য ফাঁস করলেন ফেব্রিগাস

আর্জেন্টাইন মহাতারকার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্রেই বিশেষ এই উপহার, জানালেন ইতালিয়ান ক্লাবটির কোচ।
টুইট প্রতিবেদক: বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ছেলে চিরোর গায়ে ইতালিয়ান ক্লাব কোমোর জার্সি দেখে কৌতূহল তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। কেন মেসির পরিবারের সদস্যের গায়ে ইতালির এই ক্লাবের জার্সি, এ নিয়ে শুরু হয় নানা আলোচনা। অবশেষে সেই রহস্যের ব্যাখ্যা দিয়েছেন কোমোর বর্তমান কোচ ও মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সেস ফেব্রিগাস।
মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তাদের ছেলে চিরোর গায়ে দেখা যায় কোমোর জার্সি। এরপর থেকেই জার্সিটি ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে।
ইতালীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কোমোর জার্সি মেসির পরিবারের কাছে পাঠিয়েছেন স্বয়ং ফেব্রিগাস। সংবাদমাধ্যম স্কাইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমিই তাদের ওই জার্সি দিয়েছি। আমাদের স্ত্রী, সন্তান ও আমার সঙ্গে বহু বছর ধরে বন্ধুত্ব। আমি তাদের অনেক কোমোর জার্সি পাঠিয়েছি।’
ফেব্রিগাসের এই বক্তব্যে জার্সিটি ঘিরে তৈরি হওয়া কৌতূহলের অবসান হয়েছে। মেসির পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কই এর মূল কারণ।
এর আগে ইতালীয় সংবাদমাধ্যমে আলোচনা উঠেছিল, মেসির অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত নিকো পাজের প্রতি মুগ্ধতা থেকেই চিরো কোমোর জার্সি বেছে নিয়েছে। তবে ফেব্রিগাস এই ধারণা নাকচ করে দিয়েছেন।
তিনি স্পষ্ট করে জানান, জার্সিটি তাঁর নিজের। কারণ, জার্সির পে এরছনে তাঁর নাম লেখা রয়েছে এবং নম্বরও চার।
বার্সেলোনায় একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন মেসি ও ফেব্রিগাস। দুই তারকা একসঙ্গে ১২৩টি ম্যাচ খেলেছেন। তাঁদের একসঙ্গে খেলার সময়ে বার্সেলোনা ২০১৩ সালে স্পেনের লা লিগা এবং ২০১১ সালে উয়েফা সুপার কাপের শিরোপা জেতে।
এদিকে ইতালীয় ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোমো। ২০২৪ সালে দীর্ঘ ২১ বছর পর ইতালির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সিরি আ-তে জায়গা করে নেয় ক্লাবটি। মেসির পরিবারের সঙ্গে ফেব্রিগাসের বন্ধুত্বের এই গল্প ক্লাবটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।






