এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপে খেলবে ৩০ দেশের ক্লাব

২০২৭ সালে ১০ দেশে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট প্রতিযোগিতা; অস্ট্রেলিয়ায় উদ্বোধন, সংযুক্ত আরব আমিরাতে ফাইনাল, গালা আয়োজনে থাকবেন শাহরুখ খান।

টুইট প্রতিবেদক: আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এ অংশ নেবে বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাব। প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে কেক কেটে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া আয়োজক এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়াসহ সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের উৎসাহিত করবে আয়োজন

এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রবাসীদের জন্য এটি একটি দারুণ উদ্যোগ। যারা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখছেন, এমন আয়োজন তাঁদের আরও উৎসাহিত করবে।

তিনি বলেন, ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে যুক্ত করে এই প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমিনুল হক আরও বলেন, হামজা চৌধুরীর মতো খেলোয়াড়েরা বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি সমৃদ্ধ করেছেন। একইভাবে প্রবাসীদের মধ্য থেকেও কেউ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবেন বলে তিনি আশাবাদী।

১০ দেশে হবে প্রতিযোগিতা

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া জানান, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। আর ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের এই প্রতিযোগিতা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

কবির আহমেদ ভূঁইয়া বলেন, দেশের বিপুল যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা যাবে।

আয়োজকদের পাশে বিসিবি

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, দীর্ঘ পরিশ্রমের পর এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পেরে তাঁরা আনন্দিত। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিযোগিতা আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান নির্জন মোশাররফ। আয়োজন সফল করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ব্যবস্থাপকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশের ক্লাবকে নিয়ে এমন আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্যোগ প্রশংসনীয়। ধারাবাহিকভাবে টুর্নামেন্টটি আয়োজনের পাশাপাশি দেশের ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে এটি কার্যকর উদ্যোগ হয়ে উঠতে পারে।

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের মতে, এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে।

সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। জুলাই আন্দোলনেও প্রবাসীদের অবদান দেখা গেছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী ক্রিকেটার জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, টুর্নামেন্টের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিনসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

৩০ দেশের অংশগ্রহণ

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ মোট ৩০টি দেশের ক্রিকেট ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে আনা, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।