মতলবে রিপন হত্যা: এক মাসেও গ্রেপ্তার নেই, ক্ষোভে মানববন্ধন

শ্বশুরবাড়িতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, দ্রুত বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী

টুইট প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে ব্যবসায়ী রিপন প্রধান হত্যার ঘটনায় এক মাস পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামে আয়োজিত মানববন্ধনে অংশ নেন নিহত রিপনের পরিবার, বন্ধু, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় ব্যানারে ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন রিপনের মা সূর্য বানু।

তিনি বলেন, “আমার ছেলে সংসারের সব দায়িত্ব পালন করত। অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির বিচার চাই।”

নিহতের বোন হাসিনা বেগম অভিযোগ করেন, রিপনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার দাবি, ঘটনাটি আত্মহত্যা বা বিষপানের নয়; এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, রিপন হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, মামলার দীর্ঘসূত্রতায় আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল স্ত্রী খাদিজা বেগমের বাড়িতে যান রিপন প্রধান। সেখানে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। পরে ঘটনাকে ভিন্নখাতে নিতে বিষপানের নাটক সাজানো হয় বলেও দাবি তাদের।

গুরুতর অবস্থায় রিপনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মতলব দক্ষিণ আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রিপনের স্ত্রীসহ আটজনকে নামীয় আসামি করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রথমে থানায় মামলা নিতে গড়িমসি করা হয়। পরে আদালতের মাধ্যমে মামলা দায়ের করতে বাধ্য হন তারা। বর্তমানে মামলাটির তদন্ত করছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানিয়েছেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”