বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি

সরকার গঠন ঠেকাতে ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের

টুইট ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সরকার গঠনকে কেন্দ্র করে। অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) হুঁশিয়ারি দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের উদ্যোগ নিলে তাদের নির্বাচিত ১০৭ বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতায় টিভিকের আশঙ্কা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দ্রাবিড় দল ডিএমকে ও এআইএডিএমকে সমঝোতার মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করতে পারে। এতে নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দল হওয়া সত্ত্বেও টিভিকেকে বাইরে রাখা হতে পারে।

২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ সদস্যের সমর্থন। টিভিকে পেয়েছে ১০৭ আসন। কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন থাকলেও এখনও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে দলটি। বাকি সমর্থন নিশ্চিত করতে বাম দল ও ছোট কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

এদিকে রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাননি। গভর্নরের ভাষ্য, প্রয়োজনীয় সমর্থনের প্রমাণ এখনো দিতে পারেনি টিভিকে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার গঠনের দাবি করতে হলে অন্তত ১১৮ বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও নিশ্চিত হয়নি।”

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ডিএমকের অভ্যন্তরীণ আলোচনায়। দলীয় বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর মধ্যে দলপ্রধান এম কে স্ট্যালিন–কে ‘জরুরি সিদ্ধান্ত’ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা করছে দলটি।

সূত্র বলছে, এডাপ্পাডি কে পলানিস্বামী–কে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার সমীকরণ নিয়েও আলোচনা চলছে। যদিও এআইএডিএমকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

ডিএমকের একাংশের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি প্রয়াত নেতা এম জি রামচন্দ্রন–এর মতো দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষে থাকতে পারেন। অন্যদিকে দলটির প্রবীণ নেতারা মনে করছেন, প্রতিদ্বন্দ্বী দুই দলের জোট সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

এদিকে টিভিকের পক্ষে অবস্থান নিয়েছে কয়েকটি বিরোধী দলও। ভারতীয় কমিউনিস্ট পার্টির তামিলনাড়ু শাখা বলেছে, একক বৃহত্তম দল হিসেবে টিভিকের সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত। একই মত দিয়েছেন ভিসিকে নেতা থোল থিরুমাভালাভান।

অভিনেতা কমল হাসান ও প্রকাশ্যে বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।