জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত

ধাপে ধাপে মাঠ থেকে প্রত্যাহার, ৬ জুন থেকে শুরু প্রক্রিয়া।
টুইট ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সালাহউদ্দিন আহমদ। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের মাঠ পর্যায়ের দায়িত্ব থেকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু হবে। প্রথম পর্যায়ে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও সেনা প্রত্যাহার করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে থাকা সব সেনাসদস্যকে তাদের নিজ নিজ ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে দেশজুড়ে জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে নামানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সহায়তা অব্যাহত ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন কোর কমিটি পুনর্গঠনের পর এটি ছিল প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, পুলিশ ব্যবস্থাপনা ও অন্যান্য নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়।






