‘পুকি’ নয়, সক্রিয় প্রধানমন্ত্রী চান আসিফ মাহমুদ

রাজনৈতিক নেতৃত্বে আরও দৃশ্যমান ভূমিকার আহ্বান এনসিপির মুখপাত্রের।

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যমে ‘পুকি’ ইমেজে নয়, বরং সক্রিয় ও দৃঢ় রাজনৈতিক নেতৃত্বে দেখতে চান বলে মন্তব্য করেছেন।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত এক জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এই কনভেনশনের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তাই দেশের প্রধানমন্ত্রীকে কেবল প্রতীকী বা সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ না রেখে সরাসরি রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। “আমরা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী দেখতে চাই, যিনি জাতিকে রাজনৈতিক দিকনির্দেশনা দিতে সক্ষম,”—যোগ করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, মূলধারার মিডিয়ার প্রতি জনগণের আস্থা কমে যাওয়ায় বিকল্প গণমাধ্যমের প্রতি ঝোঁক বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক সংকটের সময় নতুন মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। একই সঙ্গে তিনি বলেন, অনেক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো আটক অবস্থায় রয়েছেন, এবং যথাযথ আইনি কাঠামোর অভাবে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে।

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার সার্বজনীন হওয়া উচিত। কিন্তু কার্যকর আইনি কাঠামোর অভাবে আমরা তা বাস্তবে নিশ্চিত করতে পারছি না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নেতৃত্বের ধরন নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি করতে পারে।