মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গে আরোহন

টুইট ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু–এর চূড়ায় উঠেছেন বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টার দিকে তিনি শিখরে পৌঁছান।

নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৮ হাজার ৪৮৫ মিটার। বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গের মধ্যে এটি পঞ্চম। এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে নতুন মাইলফলক স্থাপন করলেন বাবর আলী।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, শিখরে বাবরের সঙ্গে ছিলেন শেরপা আং কামি। সফল আরোহনের পর তিনি ধাপে ধাপে বেসক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মাকালু পর্বত তার বৈরী আবহাওয়া, প্রবল বাতাস ও তুষারধসের ঝুঁকির কারণে বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে পরিচিত। ফলে এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এর আগে বাবর আলী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে–সহ একাধিক আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করেছেন। এছাড়া অন্নপূর্ণা-১ ও মানাসলু শৃঙ্গেও তার সফল আরোহনের রেকর্ড রয়েছে, যার মধ্যে মানাসলুতে তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন।

বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা বাবর আলীর জন্য এটি পঞ্চম সাফল্য, যা ভবিষ্যতে আরও বড় অর্জনের ইঙ্গিত দিচ্ছে।